পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অতীতের বিষয়গুলো পেছনে ফেলে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরুর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন স্পিকার। শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল লাহোর চেম্বার পরিদর্শন করে। সেখানে দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
স্পিকার বলেন, দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে লাহোর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের চেম্বার অব কমার্সের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, পাকিস্তান সফর তাঁর জন্য স্মরণীয় অভিজ্ঞতা। দেশটির নেতৃত্বের পক্ষ থেকে পাওয়া আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তার প্রশংসা করেন তিনি।
সভায় লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলী হুসাম আসগর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বাংলাদেশের শিল্প খাতের উন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তানও উপকৃত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সভায় পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খানসহ দুই দেশের সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি ও বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।



